হৃদরোগে আক্রান্ত অভিনেতা জামিল

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৩:৫৪

সুস্থ জীবনের অন্যতম উপাদান হাসি। পর্দায় সেই হাসির যোগান দিতেন মীরাক্কেল খ্যাত অভিনেতা জামিল হোসেন। এবার তিনিই জীবন সংকটে। হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। শুক্রবার (১৫ জুলাই) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে তাকে।  খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

এ প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘সবার কল রিসিভ করতে পারছি না, এজন্য দুঃখিত। জামিল ভাই আগের থেকে কিছুটা ভালো আছেন। তার হার্ট অ্যাটাক হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তা নিশ্চিত করেছেন। চিকিৎসা চলমান রয়েছে। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

ফেসবুকে জামিলের একটি ভিডিও প্রকাশ করেছেন ঊর্মিলা। সেখানে দেখা যায়, জামিল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমি ভালো আছি, সবাই দোয়া করবেন।

দেশের নাট্যাঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ। এরইমধ্যে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি।

ইত্তেফাক/এসজেড