গাছে বেঁধে নারী নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১০:৩১

খুলনার কয়রা উপজেলার গিলাবাড়ি কুপির মোড়ে সন্তানদের সামনে মাকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৬ জুলাই) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কয়রা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম আলী। 

তিনি জানান, মামলার পরপরই আসামি আরাফাত হোসেন ও সাইদুর রহমান গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ঘটনার ৪ দিন পরে ভুক্তভোগী নারীর বাবা আব্দুল গফফার গাজী বাদী হয়ে শুক্রবার (১৫ জুলাই) রাতে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, ঈদের পরের দিন সোমবার (১১ জুলাই) সকালে প্রতিবেশি চাচা ও চাচাতো ভাইয়েরা জোর করে আব্দুল গফফার গাজীর জমিতে ঘর নির্মাণ করতে চায়। এসময় তার মেয়ে শামিমা নাসরিন ও তার ভাবী সালমা খাতুন ঘর নির্মাণে বাধা দেন। তখন প্রতিপক্ষ শামিমাকে বাড়ির ভেতর থেকে বের করে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বর্তমানে আহত শামিমা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইত্তেফাক/মাহি