টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৩:০০

১৬ দলের মধ্যে ১৪টি দল আগেই চূড়ান্ত ছিল। এবার নিশ্চিত হয়ে গেলো বাকি দুটি দল। বাছাইপর্ব ‘বি’তে নিজ নিজ সেমিফাইনালে জিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের টিকিট কেটেছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।

গত বছর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরে জায়গা করে নিতে পারেনি জিম্বাবুয়ে। তবে এবার ভিন্ন গল্প লেখে তারা। বাছাইপর্বের সেমিফাইনালে পাপুয়া নিউগিনিকে হারায় ২৭ রানে। বুলাওয়েতে টস জিতে ৫ উইকেটে ১৯৯ রান তুলে তারা। জবাব দিতে নেমে টনি উরার ৬৬ রানের পরও ১৭২ রানে আটকে যায় গত বিশ্বকাপে খেলা পাপুয়া নিউগিনি।

একই মাঠে অপর সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারায় নেদারল্যান্ডস। ১৩৯ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় ডাচরা। আগামীকাল বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হবে জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়ায় আগামী ১৬ অক্টোবর শুরু হবে টি-২০ বিশ্বকাপ।

অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত দলগুলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, আরব আমিরাত, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।

ইত্তেফাক/টিএ