‘এ’ দলে সৌম্য ও সাব্বির, উপেক্ষিত ইমরুল-নাঈমরা

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৪:০২

টানা ৯ ইনিংসে দুই অঙ্কের ঘর পার হতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ থেকেই বাদ পড়েছিলেন মুমিনুল হক। সদ্য সাবেক হওয়া টেস্ট অধিনায়ককে রানে ফেরাতে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠানোর আলোচনা হয়েছিল।

যদিও শেষ পর্যন্ত নির্বাচকরা মুমিনুলকে বিব্রত করেননি। গতকাল তাকে ছাড়াই উইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ২৯ জুলাই ঢাকা ছাড়বে ‘এ’ দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্রারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে।

অভিজ্ঞদের সঙ্গে কয়েক জন তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন দুই ফরম্যাটের জন্য ঘোষিত ‘এ’ দলে। ঘরোয়া ক্রিকেটে পারফরম করে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে সুযোগ পেলেও নাঈম ইসলামের ঠাঁই হয়নি ‘এ’ দলে। অভিজ্ঞ এই ব্যাটার উপেক্ষিতই থাকলেন। সুযোগ হয়নি আরেক অভিজ্ঞ ইমরুল কায়েসেরও। তবে জাতীয় দল থেকে বাদ পড়া সাব্বির রহমান, সৌম্য সরকারকে মূল স্রোতে ফেরার আরেকটা সুযোগ দিয়েছেন নির্বাচকরা।

ওয়ানডে ফরম্যাটের দলে আছেন সৌম্য ও সাব্বির। সদ্যই জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ঘুরে আসা মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা আছেন ‘এ’ দলে। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের মধ্যে সাইফ হাসান, নাঈম শেখ, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসানরা ডাক পেয়েছেন। এই সফরে ‘এ’ দলের অধিনায়কত্বের ভার মিঠুনের ওপর বর্তাবে।

দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছে তরুণ বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে। এইচপি ক্যাম্প থেকে রাকিবুল হাসান, তানভির ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহাদাত হোসেন দিপু সুযোগ পেয়েছেন ‘এ’ দলে। জায়গা হয়নি যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীর।

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ডাক পাওয়া পেসার আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি, আল-আমিন হোসেনরা সুযোগ পাননি ক্যারিবিয়ান সফরের ‘এ’ দলে। নেই হাসান মাহমুদও। জানা গেছে, ডানহাতি এ পেসারকে জিম্বাবুয়ে সফরে পাঠানো হবে।

চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল

সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও এনামুল হক।

ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দল

সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

ইত্তেফাক/টিএ