ফর্মহীন কোহলির পাশে বাবর

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৫:২০

করোনাভাইরাস আসার পর থেকে পৃথিবীর অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছে বিরাট কোহলির ব্যাটের ধারও। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ সেঞ্চুরি করা এই ব্যাটার টানা ৭৭ ইনিংস ধরে তিন অঙ্কের দেখা পাচ্ছেন না। এখন রান পেতেই হিমশিম খেতে হয় তাকে। যা রীতিমতো অবিশ্বাস্যই!

সেখানে বাবর আজম তো একজন ক্রিকেটার। ভালো করেই জানেন বাজে সময়ে এক জন ক্রিকেটারের মনের অবস্হা কীরকম থাকে। সাবেক ভারতীয় অধিনায়ক নিজের এমন দুঃসময়ের দিনে পাশে পেলেন পাকিস্তান অধিনায়ককে। যেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এখনো অস্হিরতা বিরাজ করছে। যে কারণে আইসিসি টুর্নামেন্ট আর এশিয়া কাপ ছাড়া এখন দুই দলের কোনো সাক্ষাৎ হয় না।

গত পরশু ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ভালো শুরুর পরও ১৬ রানের বেশি এগোতে পারেননি কোহলি। ডেভিড উইলির গুড লেম্হের বল খোঁচা মেরে সোজা পাঠিয়ে দেন জস বাটলারের গ্লাভসে। সেই ম্যাচে চোখ ছিল বাবরেরও। কোহলি আউট হওয়ার পর টুইট করে পাকিস্তান অধিনায়ক লেখেন, ‘এই সময়টাও কেটে যাবে। শক্ত থাকুন, বিরাট কোহলি।’ এই টুইটের পর ভারত-পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসছেন বাবর।

দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান এখন শ্রীলঙ্কায়। আজ থেকে গলে শুরু হয়েছে প্রথম টেস্ট। তার আগে গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ককে টানতে হলো কোহলি প্রসঙ্গ। জানাতে হলো কেন সেই টুইট। বাবর বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি জানি, এমন একটি পর্যায়ে যেতে হবে। এটাও জানি এমন সময়ে একজন খেলোয়াড়ের মধ্যে কী বিরাজ। ঐ সময়ে পাশে থাকার প্রয়োজন হয়। আমি শুধু টুইট করেছি এটা ভেবে যে, সেটি তাকে কিছুটা সমর্থন জোগাবে। তিনি অন্যতম সেরা একজন খেলোয়াড়। তিনি প্রচুর ক্রিকেট খেলেছেন এবং জানেন এই পরিস্হিতি থেকে কীভাবে বেরিয়ে আসতে হয়। তাতে সময় লাগবে। যদি তার পাশে থাকেন তাহলে সেটা আরো ভালো হবে।’

ইত্তেফাক/টিএ