আইসিসির ওডিআই সুপার লিগের অংশ নয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। যার ফলে সিরিজের গুরুত্ব কিছুটা কমেছে বৈকি। টানা দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। ওয়ানডে র্যাংকিংয়ের নয় নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই জয়ে মাত্র দুই রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচ জিতলেও এক রেটিং পয়েন্ট পাবে বাংলাদেশ। তাতে অবশ্য টাইগারদের র্যাংকিং পরিবর্তন হবে না।
তবে ছয় নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার ঘাড়ে শ্বাস নেওয়ার কাজটা হবে। প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ৯৯। আজ জিতলে বাংলাদেশের রেটিং হবে ৯৮।
দুই ম্যাচেই বড় জয় পেয়েছে তামিম ইকবালের দল। কার্যত ক্যারিবিয়ানরা পাত্তাই পায়নি। সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে যাচ্ছে বাংলাদেশ। এবং বেঞ্চের শক্তি, খেলোয়াড়দের পরখ করার এটাই মোক্ষম সুযোগ। টিম ম্যানেজমেন্ট তেমন চিন্তাই করছে। তাই আজ একাদশে কিছু পরিবর্তন আসতে পারে।
ঢাকা প্রিমিয়ার লিগে রানের জোয়ার বইয়ে দিয়েও ওয়ানডেতে সুযোগ পাননি এনামুল হক বিজয়। এই সফরে ক্যারিবিয়ানে টেস্ট, টি-২০ খেলেছেন তিনি। কিন্তু যে ফরম্যাটে পারফরম করে জাতীয় দলে এসেছেন তিনি, সেখানেই একাদশে ঠাঁই পাননি। বিজয়ের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে বারবার ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্তকে। অতীতের মতো এবারও ২ ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি তিনি।
দুই ম্যাচে উপেক্ষিত বিজয় আজ একাদশে সুযোগ পেতে পারেন। বিশ্রাম দেওয়া হতে পারে লিটন দাসকে। এই সিরিজে বিজয়ের মতোই এখনও ম্যাচ খেলতে পারেননি এবাদত হোসেন ও তাইজুল ইসলাম। তবে এবাদত, তাইজুলের আজও সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল নয়।
পেস আক্রমণে কিছুটা রদবদল হবে। দ্বিতীয় ম্যাচে বাদ পড়া তাসকিন আহমেদ একাদশে ফিরতে পারেন। মুস্তাফিজ, শরীফুলের মাঝে একজনকে বিশ্রাম দেওয়া হবে। বড় সড় পরিবর্তন হলে এবাদতের ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে।
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দারুণ পারফর্ম করেছেন। মাত্রই দুই ম্যাচ খেলেছেন তিনি। তার আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টাই করবে টিম ম্যানেজমেন্ট। ব্যাকআপ হিসেবে থাকা তাইজুলকে হয়তো সাইড বেঞ্চেই থাকতে হবে।
অবশ্য দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক তামিম বলেছিলেন, বেঞ্চের সবাইকে সুযোগ দিতে প্রয়োজনে তিনিও একাদশ থেকে সরে যাবেন।
হেড কোচ রাসেল ডমিঙ্গো ও তামিমের কথায় একাদশে পরিবর্তনের পূর্ণ ইঙ্গিত ছিল। ডমিঙ্গো বলেছিলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য একটা দিক থেকে গুরুত্বপূর্ণ। এত দিনে এত গুরুত্বপূর্ণ সব ওয়ানডে সিরিজ খেলেছি, যেখানে পয়েন্ট খুব জরুরি। দলে পরিবর্তনের কথা খুব একটা ভাবনায় আনা যায়নি। তবে এখানে সুযোগ আছে পরখ করার। কারণ ২০২৩ বিশ্বকাপে তাকিয়ে কিছু ক্রিকেটারকে দেখে নেওয়ার ব্যাপার আছে।’
অধিনায়ক তামিম বলেছিলেন, ‘২০২৩ বিশ্বকাপের আগে আমাদের সেরা কম্বিনেশন তৈরি করা জরুরি। তখন যারা খেলেনি বা যাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে ঘুরছি, তাদের সুযোগ দেওয়া উচিত। এটির জন্য আমারও এক-দুই ম্যাচ মিস করতে হলে, কোনো সমস্যা নেই।’
আজকের ম্যাচ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হবে টাইগারদের।
