জোয়ারে বেড়িবাঁধে ভাঙন পানিবন্দি আট গ্রাম

আপডেট : ১৬ জুলাই ২০২২, ১৭:০৫

বরগুনার তালতলীতে তেঁতুলবাড়িয়া এলাকায় জোয়ারের তোড়ে বাঁধ ভেঙে চার দিন ধরে পানিবন্দি রয়েছে আটটি গ্রাম। সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। 

পানিতে রান্নাঘর ডুবে যাওয়ায় রান্না বন্ধ হয়ে গেছে কয়েক শ পরিবারের। পায়রা নদীর জোয়ারের পানির তোড়ে তেঁতুলবাড়িয়া এলাকার পাউবোর বেড়িবাঁধের ১০০ মিটার এলাকা ভেঙে গেলে কমপক্ষে ৫০টি মাছের ঘের ও কয়েক শ বাড়ি প্লাবিত হয়।

সরেজমিনে দেখা গেছে, ঐ এলাকায় পাউবোর ১০০ মিটার বাঁধ ভেঙে যাওয়ায় তেঁতুলবাড়িয়া, নলবুনিয়া, আগাপাড়া, জয়ালভাংগা ও বড় আংকুজানপাড়াসহ প্রায় আটটি গ্রামে পানি থইথই করছে। 

তেঁতুলবাড়িয়া গ্রামের রানি বেগম বলেন, ‘বাঁধ ভেঙে যাওয়ায় আমার বাড়িঘর সব তলিয়ে গেছে। এখন বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছি| আর যাওয়ার জায়গা নেই। এই পায়রা নদীর পাড়েই থাকি সেই জন্মের শুরু থেকে। তবে এখনো স্থায়ী বেড়িবাঁধ দেখিনি।’ 

পানি উন্নয়ন বেরদের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম সোহাগ বলেন, বিকল্প বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। খুব শীঘ্রই এর অনুমোদন পেয়ে যাব। এর কাজ শুরু করে দেব। ইতিমধ্যে এখানে সিআইপি প্রকল্পের ফেস-২ এর সার্ভে কাজ চলমান আছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।  

ইত্তেফাক/এআই