নতুন মাইলফলক গড়তে সাকিবের দরকার ২৩ রান

আপডেট : ১০ জুন ২০১৯, ২০:১৪

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের আসরে দলের প্রথম ম্যাচেই তিন কীর্তি গড়েছিলেন। এর মধ্যে দ্রুততম সময়ে ওয়ানডেতে ৫০০০ রান ও ২৫০ উইকেটে ‘ডাবল’ একটি। এবার তার সামনে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ। সেই সঙ্গে ২৫০ উইকেটের কীর্তি তো আছেই।

এবারের আসরে সাকিব খেলেছেন মাত্র ৩ ম্যাচ। তাতেই ব্যাটিংয়ে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। করেছেন ২৬০ রান। তিন ম্যাচে সাকিবের রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি।

আরও পড়ুন: কাশ্মীরে মন্দিরে নিয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হেরে গেলেও করেন দলীয় সর্বোচ্চ ৬৮ বলে ৬৪। আর সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচে ১১৯ বলে ১২১ রানের অন্যবদ্য সেঞ্চুরি আসে তার ব্যাটে। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিও করেছেন সাকিব। এবারের আসরে ৩ ম্যাচ শেষে ওয়ানডেতে সাকিবের মোট রান এখন ৫ হাজার ৯৭৭। আর মাত্র ২৩ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৬ হাজারি ক্লাবের সদস্য হবেন সাকিব। এর আগে এই মাইলফলক ছুঁয়েছিলেন তামিম ইকবাল। টাইগার ওপেনারের বর্তমান রান ৬ হাজার ৬৯৫।

মঙ্গলবার (১১ জুন) চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ইত্তেফাক/বিএএফ