সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৭:১৬

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার (১৭ জুলাই) ভোররাতে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঈয়াগাঁতী ও শনিবার (১৬ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের চর মিরপুর বিয়ারা ঘাট মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর জেলার কাউনিয়া এলাকার ওমর ফারুক (৩২) ও সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার মৃত ওমর আলীর পুত্র আব্দুল মজিদ (৫২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার ভোর রাতে ভূঈয়াগাঁতী এলাকায় ঢাকাগামী এক যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এক সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওমর ফারুক। এ ঘটনায় আহত হয়েছে ৩ বাসযাত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শনিবার (১৬ জুলাই) গভীর রাতে চর মিরপুর এলাকায় অজ্ঞাত বাসচাপায় মজিদ নামে এক দিনমজুরের মৃত্যু হয়। স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেয়নি। 

ইত্তেফাক/এমএএম