দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ১৯ থেকে ২০ জুলাইয়ের পর থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে। সে সময় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে।
রবিবার (১৭ জুলাই) আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দু’দিন চলতে পারে। এই দু’দিন সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপদাহ আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
রবিবার দেশে সর্বনিম্ন ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে। আর সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের নিকট লঘুচাপটি অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও উত্তরপূর্ব দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরণের সক্রিয় রয়েছে।
