পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় কক্সবাজার সমুদ্র সৈকতকে স্থাপনামুক্ত রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফেরার আগে সুগন্ধা পয়েন্ট এলাকায় উচ্ছেদ করা অবৈধ স্থাপনার স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় উচ্ছেদ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত রাখতে হবে এবং এটিকে সম্পূর্ণভাবে স্থাপনামুক্ত রাখতে হবে।
এর আগে কক্সবাজার সফরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসন সুগন্ধা ও কলাতলী পয়েন্টের বালিয়াড়ি দখলমুক্ত করে।
পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। তবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, সৈকতের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে সরকার বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অনড়।

