সারাদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৩:০৫

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

নন্দীগ্রাম (বগুড়া) : নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আহতদের মধ্যে দুই জন মারা গেছেন। গতকাল রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামের মৃত সুজা প্রামানিকের ছেলে আলতাফ হোসনে (৬০) ও তার চাচাতো বোন নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোসলেমা খাতুন (৪০)। 

শনিবার রাত সাড়ে ৮টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় সিএনজিতে থাকা চারজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যায়। নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল রবিবার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় ঢাকামুখী লাইনে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষক মো. বাদশার (৪২) মৃত্যু হয়। এদিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুর আলম প্রকাশ মিয়া চাঁন মাস্টার। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা হাদিফকিরহাট বাজারে যাত্রীবাহী জোনাকী পরিবহন বাসের ধাক্কায় আহত হয়ে গত শনিবার রাতে চমেক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. কামরুল আলম বলেন, সকালে মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী বাসের ধাক্কায় বাদশা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদরপুর (ফরিদপুর) : সদরপুর উপজেলার বালিয়াহাটিতে গতকাল রবিবার সকালে ব্যাটারিচালিত অটো চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম সিয়াম সেখ (৮)। সে ভাঙ্গা উপজেলার কুষাভাঙ্গা গ্রামের নোয়াব আলী শেখের ছেলে।

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে যাত্রীবাহী বাস চাপায় লিটন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার বালুঘাটা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, বাস ও এর চালককে ঘটনার পরপরই শহরের অদূরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/ ইআ