টেলিফিল্ম ‘ক্লাসমেট’

আপডেট : ১০ জুন ২০১৯, ২০:৫৯

আগামীকাল

চ্যানেল: এটিএন বাংলা

সময়:রাত ১১টা ৩০ মিনিট

 

ঈদুল ফিতর উপলক্ষে এবার ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে এটিএন বাংলা। বিশেষ এই অনুষ্ঠানমালায় প্রচার হচ্ছে ১০টি টেলিফিল্ম। এরমধ্যে আগামীকাল রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ক্লাসমেট’। মিজানুর রহমান লাবুর চিত্রনাট্য এবং ইমরান চৌধুরীর গল্প ও পরিচালনায় নির্মিত এ টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিথিলা, এস এন জনি, মনিরা ইউসুফ মেমী, ঝুনা চৌধুরীসহ আরো অনেকে।   

টেলিফিল্মের গল্প আবর্তিত হয়েছে এভাবে—কুমিল্লা ইউনিভার্সিটিতে একই সাবজেক্টে পড়ে রাকিব আর বাসমা। বাসমার বাবা বিরাট শিল্পপতি ফরহাদ চৌধুরী রাকিবকে খুব পছন্দ করেন। কারণ সে খুব ভালো ছাত্র। সেই কারণে দু’জন ক্লাসমেট হওয়া সত্ত্বেও বাসমাকে বাসায় এসে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে রাকিবকে। রাকিবের বাবা স্কুল টিচার, সুদূর গ্রাম থেকে এসেছে সে পড়তে। ফরহাদ চৌধুরী নিজের অতীত খুঁজে পান রাকিবের মাঝে। কিন্তু ব্যাপারটা পছন্দ করে না বাসমার মা বুলবুলি।

রাকিব নানা কারণে বাসমার প্রেমে পড়ে যায়। কিন্তু বলতে পারে না। বাসমাকে ঠিক বোঝা যায় না। সে নির্বিকার। হঠাত্ একদিন বাসমার বিয়ে ঠিক করে ফেলে বুলবুলি। বাসমা আগে থেকেই জানতো তাঁর মামাতো ভাইয়ের সাথে এ রকম একটা ভাসা ভাসা কথা হয়ে আছে দুই ফ্যামিলির মধ্যে। কিন্তু বিয়ের কথা শোনার পর আকাশ ভেঙে পড়ে বাসমার মাথার ওপর। রাকিবের প্রতি তাঁর অপ্রকাশিত ভালোবাসা অনুভব করে দারুণভাবে। ঘটনা জটিল আকার ধারণ করে।