দিনাজপুরে ১০ দিন টানা তাপপ্রবাহ, তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৯:২০

বাংলা পঞ্জিকার হিসাবে এখন ভরা বর্ষা। গতকাল রবিবার ছিল ২ শ্রাবণ। এ সময় প্রকৃতি থাকবে নববর্ষায় সিক্ত। যখন-তখন নেমে আসবে বৃষ্টি। এছাড়া মুষলধারে বৃষ্টি থাকবে দিনের পর দিন। সেই বৃষ্টিতে খেত-খামার, বিল আর মাঠ জুড়ে থাকবে থইথই পানি—এটাই আবহমান বাংলার চিরায়ত আবহাওয়া পরিস্থিতি। কিন্তু গত ১৫ দিন ধরে দিনাজপুরে বৃষ্টির দেখা নেই। 

দিনাজপুরে তাপমাত্রা বিরাজ করছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বইছে লু হাওয়া। প্রচণ্ড গরমে ঘরের ভেতরেও স্বস্তি পাওয়া যাচ্ছে না। ফ্যানের বাতাসও উষ্ণ। সকালে সূর্যোদয়ের পরপরই প্রখর রোদে আকাশ থেকে যেন আগুন ঝরতে শুরু করে। মধ্যাহ্নে সূর্য গড়ালে ঘরের ভেতরের পরিস্থিতিও ভয়ানক রূপ ধারণ করে। দিনের ব্যাপ্তিকাল দীর্ঘ সময় থাকায় দীর্ঘ সময় ধরে প্রখর রোদের কারণে উত্তপ্ত হয়ে ওঠে ধরা। সব মিলে দিনেরাতে প্রায় সমান গরমে রীতিমতো হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড গরমে কৃষক, রিকশাচালক ও শ্রমজীবীরা চরম বিপাকে পড়েছেন। তাপপ্রবাহের এমন পরিস্থিতি আরো দুদিন চলতে পারে।

দিনাজপুরে তাপমাত্রা বিরাজ করছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। বইছে লু হাওয়া।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, গত ১০ দিন ধরে দিনাজপুরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গত ৫ জুলাই দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর পর থেকে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর বিরাজ করছে। গতকাল রবিবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

তোফাজ্জল হোসেন জানান, তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। বর্তমানে বাতাসে সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ থেকে ৫৫ শতাংশ জলীয় বাষ্প বিরাজ করছে।

গত ৩ জুলাইয়ের পর থেকেই দিনাজপুরে বৃষ্টির দেখা নেই। ৩ জুলাই দিনাজপুরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আগামী ১৮ জুলাই দিনাজপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তোফাজ্জল হোসেন।

ইত্তেফাক/ইআ