বিয়ে নিয়ে আফরান নিশোর অজুহাত

আপডেট : ১০ জুন ২০১৯, ২০:৫৯

আজ

চ্যানেল: আরটিভি

সময়:সন্ধ্যা ৬টা

একই এলাকায় বাস করেন আফরান নিশো ও তানজিন তিশা। দু’জন দু-ধরনের চিন্তার মানুষ। পরিচিত হওয়ায় একে অপরের প্রতি ভালোলাগা তৈরি হয় এক সময়। সেই সূত্র ধরে আফরান নিশোকে প্রেমের প্রস্তাব দেন তানজিন তিশা। নিশো নানা অজুহাত দেখায় তিশাকে। কিন্তু এক সময় সেই প্রস্তাব গ্রহণ করে নিশো। এ কাজটি করে আবার অজুহাত দেখান তিনি। নানা খুনসুটিতে এগিয়ে যেতে থাকে তাঁদের সম্পর্ক। এক সময় বিয়ের কথা উপস্থাপন করলে বিয়ে করা নিয়েও অজুহাত দেখায় নিশো। এতে বিরক্ত হয় তিশা। এক সময় নিশো অজুহাত পাশ কাটিয়ে বিয়ে করতে রাজি হয়। কিন্তু ততোদিনে তিশা নিশোকে নিয়ে বিরক্ত হয়ে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। নিশো শুধু তিশাকে নিয়ে নয়, তাঁর জীবনযাপনের সব কাজ করার আগেই বিভিন্ন অজুহাত দাঁড় করায়। এ অজুহাত দাঁড় করানোটা তাঁর স্বভাব হয়ে দাঁড়ায়। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘মিস্টার অজুহাত’। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন মিলন ভট্টাচার্য্য। আফরান নিশো ও তানজিন তিশা ছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন আরফান আহমেদ, মিলন ভট্টাচার্য্য, মিলি বাশার, ফখরুল বাসার মাসুম, তাবাসসুম মিথিলা প্রমুখ। আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে আজ সন্ধ্যা ৬টায়।