ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় ভূমিষ্ট হওয়া শিশুর সারাজীবনের খরচ রাষ্ট্র করবে- এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ওই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন যুক্ত করে সোমবার (১৮ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন। আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে ১৬ জুলাই (শনিবার) ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারান জাহাঙ্গীর আলম (৪০), তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রত্মা বেগম (৩২) ও তাদের শিশু সানজিদা। এসময় মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ হয় কন্যাসন্তান। পরে স্থানীয়রা নবজাতকটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকটিকে ময়মনসিংহ সদরের সিবিএমসি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় শোকে আচ্ছন্ন পরিবার ও এলাকাবাসী। শোকাহত পরিবারে এখনো কান্না থামেনি। তবে বেঁচে যাওয়া শিশুটিকে নিয়ে নিজেদের কাছে রেখে বড় করতে চান প্রতিবন্ধী বৃদ্ধ দাদা-দাদি।

