ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১  

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৪:৩০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের চৌরাস্তায় বাসের ধাক্কায় আবদুস সালাম মাদবর (৭০) নামে একজন নিহত হয়েছেন। 

সোমবার (১৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম মাদবর সন্ন্যাসীরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রামের বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির সামনে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন সালাম মাদবর। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

শিবচর থানা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

 


 

ইত্তেফাক/মাহি