অনেক আশা দেখছেন মাশরাফি

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:১৬

  শামীম হামিদ, ব্রিস্টল (ইংল্যান্ড) থেকে

নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের মাশুল দিতে হচ্ছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকাকে হারানোর ঠিক পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে এমন পরাজয় প্রত্যাশিত ছিল না বাংলাদেশ অধিনায়ক মাশরাফির কাছে। ম্যাচটা জিততে পারলে দল অনেকটা ভারমুক্ত হয়ে পরের ম্যাচগুলো খেলার অনুপ্রেরণা পেতো। একইসঙ্গে সেমিফাইনালের আশাও আরো জোরালো হতো।

গতকাল সোমবার ব্রিস্টলে ম্যাচ পূর্ব সাংবাদিক সম্মেলনে নিউজিল্যান্ড ম্যাচে পরাজয়ের কথাই ঘুরেফিরে আসছিল মাশরাফির কথায়। মাশরাফি বলেন, ‘সমর্থকদের কথা জানি না। আমি নিজেও তো নিউজিল্যান্ড এমনকি ইংল্যান্ডের সঙ্গে জয়ের আশায় ছিলাম। বিশেষভাবে নিউজিল্যান্ড ম্যাচটাতো ধরেই নিয়েছিলাম যে জিতে যাচ্ছি। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর আমাদের মনোসংযোগ এবং আত্মবিশ্বাস দুটোই অনেক বেড়ে গিয়েছিল। নিউজিল্যান্ডকে হারাতে পারলে শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে এতটা ভাবতে হতো না।’ মাশরাফি বলেন, ‘পরপর দুটি পরাজয়ে অবশ্যই খারাপ লাগছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়টা বেশি কষ্টের। তবে আশা ছাড়ছি না। এখনো অনেক আশা আছে। ছেলেরা জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিককালে ভালো সময় পার করেছে বাংলাদেশ। তবে এ  নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না মাশরাফি। বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে অতীতের রেকর্ড নিয়ে ভাবছি না। আমি শুধু কালকের ম্যাচটা নিয়েই ফোকাস করতে চাই। ইংল্যান্ড ম্যাচের আগেও আমাকে এরকম প্রশ্ন করা হয়েছিল। আগেও দুইবার ইংল্যান্ডকে হারিয়েছি। কার্ডিফেও আমরা ফেভারিট কি না। কিন্তু আমরা খারাপভাবে হেরেছি। তাই অতীতে পড়ে না থেকে কঠিন পরিশ্রম করে ম্যাচটা জিততে চাই। সবকিছু যেন ঠিকমতো চলে সেটা নিশ্চিত করতে চাই।’

আজকের এই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় বৃষ্টির বেশ সম্ভাবনা আছে। বৃষ্টির জন্য বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে অনিশ্চয়তা হোক তা চান না অধিনায়ক। বলেন, ‘ম্যাচটা না হলে আমাদের জন্য হিসাবটা অনেক কঠিন হয়ে যাবে। ম্যাচটা আমাদের জন্য খুব প্রয়োজন। শেষ দুইটা ম্যাচের মধ্যে একটা জেতা থাকলে কালকের ম্যাচটা জেতা এতটা প্রয়োজন নাও হতে পারত। তবে এখন ম্যাচটা জেতা দরকার। আমরা চাই যেন ম্যাচটা হয়।’

এবারের বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল পর্যন্ত যেতে চায় বাংলাদেশ। মাশরাফি বলেন, ‘১০ জন অধিনায়কই আমার মতো সেমিফাইনালে ওঠার প্রত্যাশার কথা বলবেন। তবে এশিয়ার টিমগুলোর জন্য কাজটা সহজ নয়। এখানকার (ইংল্যান্ড) কন্ডিশনসহ অনেক কিছুই অনুকূলে নয়। হিসাবটা এই মুহূর্তে খুব কঠিন। নিউজিল্যান্ড বা ইংল্যান্ডকে হারাতে পারলে কাজটা আরো সহজ হতো। তবে কাজটা এখনো সম্ভব বলে আমি মনে করি। এ জন্য আমাদের ফের জয়ের ধারায় ফিরতে হবে। তারপর দেখা যাবে কি হয়।’