খুলনায় অস্ত্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়ার গ্রামের পঞ্চুর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাত দলের দুই সদস্য হলেন, ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের মুজিবর বিশ্বাসের ছেলে জিহাদুল বিশ্বাস (২৭) ও একই এলাকার ছত্তার বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (৩০)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, রবিবার বিকেল থেকে গুটুদিয়া গ্রামের পঞ্চুর মোড়ে কয়েকজন অপরিচিত লোকের আনাগোনা দেখে ঐ এলাকার মানুষের সন্দেহ হয়। রাতে তাদের সংখ্যা আরও বাড়তে থাকে। এতে জনগণের মনে সন্দেহ হয়। পরে ঐ এলাকার মানুষ একত্রিত হয়ে প্রথমে তাদের ধাওয়া দেয়।
ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও স্থানীয় জনগণ জিহাদুল বিশ্বাস ও শামীম বিশ্বাস নামে দুজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটা ওয়ান শুটার গান, একটি তাজা গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পরে ডুমুরিয়া থানা পুলিশ খবর পেয়ে তাদের গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে।
ওসি আরও জানান, গ্রেফতার দুজনের মধ্যে একজন হত্যা মামলার আসামি। তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।
