হোমনা ওভার ব্রিজ থেকে সরকারি কলেজ হয়ে পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ পর্যন্ত পৌরসভার এক কিলোমিটার সড়কে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যায়। এতে সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। নিত্য ঘটছে দুর্ঘটনা। প্রায়ই সড়কের গর্তে পড়ে নষ্ট হয় সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন।
সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন ২০-২২টি সিএনজিসহ প্রায় দুই শতাধিক অটোরিকশা চলাচল করে। সড়কের অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিনই বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। এতে এক দিকে যেমন চালকদের কষ্ট হচ্ছে, অন্যদিকে এসব যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ায় প্রতিদিনই গাড়ির খরচ বেড়ে যাচ্ছে।
সড়কে যাতায়াতকারী সুরাইয়া নামের এক নারী জানান, সড়কের এমন অবস্থা যে পায়ে হেঁটে চলাচল করা যায় না। আবার সিএনজি অটোরিকশায় উঠলেও মনে হয় কখন যেন দুর্ঘটনা ঘটে।
হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য এক বার টেন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু সেটি বাতিল হয়ে গেছে। এখন আবার টেন্ডার হওয়ার পর ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। সড়কটি টেকসই করতে এবার আরসিসি করা হবে।
