স্পোর্টস ডেস্ক
এবার তাহলে রজার ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ার পালা রাফায়েল নাদালের।
টনিস বিশ্ব গত ১৫ বছর ধরে ফেদেরার ও নাদালের দ্বৈরথ দেখছে। গত রবিবার স্প্যানিশ নাদাল রেকর্ড ১২তম ফ্রেঞ্চ ওপেন জয়ের পর সুইস খেলোয়াড়টির সাথে ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছেন। ২০০৪ সালের জুলাইয়ের পর থেকে ফেদেরার তার চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে গ্র্যান্ড স্ল্যাম জয়ের হিসেবে অন্ততপক্ষে তিন ব্যবধানে এগিয়ে ছিলেন।
নাদাল ফেদেরারের চাইতে পাঁচ বছরের কম বয়সী বলে ধারণা করা যায় আরো কয়েক বছর স্বচ্ছন্দে খেলতে পারবেন। ২০০৫ সালে নাদাল ফ্রেঞ্চ ওপেন জয়ের সুবাদে যখন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যামটির দেখা পেলেন সেই সময়ে ফেদেরার এগিয়ে ছিলেন ৪-১ এ। সেই নাদালই এখন ব্যবধানটি কমিয়ে এনেছেন।
প্যারিসে জয়ের পর প্রশ্নটা উঠেছিল। ব্যবধান কমিয়ে আনা ও চিরপ্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাওয়ার বাস্তবতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য এর প্রতিবাদ করেন। নাদাল জানান, এ বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তা করেন না। ডমিনিক থিয়েমকে হারানোর পর তিনি বলেন, ‘আমি রজারকে ধরতে পারা কিংবা ছাড়িয়ে যাওয়া নিয়ে কখনোই চিন্তার চেষ্টা করিনি। সত্যি বলতে কি আমি বিষয়টি নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় নেই।’
তা নাদাল দুশ্চিন্তা করেন বা না করেন, সামনের দিনগুলোতে এ নিয়ে বারবার তাকে প্রশ্নের সম্মুখিন হতে হবে। সামনেই আছে উইম্বলডনের খেলা। দক্ষিণ পশ্চিম লন্ডনের এই গ্র্যান্ড স্ল্যামে আবার ফেদেরারের আধিপত্য। যেমনটা প্যারিসে নাদালের। পড়তি ফর্মে থাকা ফেদেরার যদি সেখানে সাফল্য দেখান সেটি হবে তার নবম শিরোপা। যদিও ফেদেরার উইম্বলডনে শেষ ছয়বারে কেবল একটি ট্রফিই জিতেছেন। উইম্বলডনে এ বছর বরং নাদালের প্রতিদ্বন্দ্বী হবেন নোভাক জোকোভিচ। ফেদেরার উইম্বলডনে কিংবা ২০০৮ সালের পর ট্রফিহীন ইউএস ওপেনে যদি শিরোপা না পান তাহলে বছর শেষে সুইস তারকাটির ব্যবধান দুই বা তার নিচে নেমে আসবে। ততদিনে তার বয়স হবে ৩৮। কাজেই ২০টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী ফেদেরারের চাইতে পাঁচ ও ছয় বছরের ছোট নাদাল (১৮) এবং জোকোভিচের (১৫) পক্ষে তাকে ছাড়িয়ে যাওয়াটাই হবে স্বাভাবিক। এক্ষেত্রে নাদালই বেশি এগিয়ে। কিন্তু নাদালের জন্য দুশ্চিন্তার বিষয় তার ফিটনেস। কারণ ইনজুরির কারণে বর্তমান ক্যারিয়ারে তিনি ইতোমধ্যেই ১০টি গ্র্যান্ড স্ল্যামে খেলতে পারেননি। চলতি বছরের শুরুতে তার চাচা টনি বলেছিলেন নাদাল হলেন ‘ইনজুরিতে থাকা এক ব্যক্তি যিনি কিনা টেনিস খেলেন’।
