বিশেষ সাক্ষাৎকার

কেউ যেন না বলে বউ রেখে আমি দ্বিতীয় বিয়ে করেছি: টুটুল

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০২:০৬

কণ্ঠশিল্পী-সঙ্গীত পরিচালক এস.আই টুটুল বিয়ে করলেন আমেরিকা প্রবাসী উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়াকে। অভিনেত্রী তানিয়া আহমেদের এর সাথে তার ২৩ বছরের সংসারের ইতি টেনে এই সিদ্ধান্েতর খবরে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। সে সকল কৌতুহল মেটাতেই ইত্তেফাকের কাছে সকল প্রশ্নের জবাব দিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন তারিফ সৈয়দ

প্রথমে অভিনন্দন আপনার নতুন জীবনে। কিন্তু এতটা গোপনে কেন?

নাতো! আসলে অনেকদিন ধরেই তো একা ছিলাম। নিজের জীবনের প্রয়োজনেই একজন সঙ্গী খুঁজছিলাম। সেরকম ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি সবসময় খোলা বইয়ের মতো জীবন পার করেছি।

কিন্তু গণমাধ্যমকর্মী থেকে শুরু করে আপনার ও তানিয়ার দম্পতির যে সেপারেশন বা বিচ্ছেদ হয়েছে এটাই তো অনেকে জানে না। সেখানে হঠাৎ এই খবরটি তো সকলকে চমকে দেবারই কথা!
দেখুন দিনশেষে জীবনটাতো আমার। আর যেহেতু আমি অবিবেচক নই। তাই দুজনার সিদ্ধান্তেই এটি হয়েছে।

আর আপনাদের সেপারেশন বা বিচ্ছেদ?
আমরা প্রায় ৬ বছর ধরেই সেপারেশনে ছিলাম। সবকিছুর বাইরে তানিয়া আমার বাচ্চাদের মা। তাই সেই শ্রদ্ধাশীল সম্পর্কের জায়গাটা আমি নষ্ট করতে চাই না। হবেও না কখনও। আমাদের এই দীর্ঘ সেপারেশন থেকে আজ অব্দি আমি কিন্তু সকল দায়িত্ব পালন করে গেছি এবং যাবো। আর গতবছর আমাদের অফিশিয়ালী ডিভোর্স হয়। তাই কেউ যেন না বলে বউ রেখে আমি দ্বিতীয় বিয়ে করেছি।

শারমিন সোনিয়ার সাথে পরিচয় কিভাবে? বিয়ের সিদ্ধান্েত আপনার সন্তানদের সাথে কী কোনো আলাপ বা তারা জানে কী না?
সন্তানরা তো আমার কলিজার টুকরা। ওরা জানে। যোগাযোগও আছে। আর শারমিনের সাথে পরিচয় নিউইয়র্কে যখন আরটিভির রিয়েলিটি শোয়ের কাজ করি, তখন ও ছিল ইভেন্টের উপস্থাপক। সেখানেই প্রথম দেখা। সোনিয়াও গত ১২ বছর থেকেই সংসারবিহীন একা। তাই দুজন মিলেই সিদ্ধান্ত বিয়ে ও একসাথে থাকার।

সবকিছুর বাইরে তানিয়া আমার বাচ্চাদের মা। তাই সেই শ্রদ্ধাশীল সম্পর্কের জায়গাটা আমি নষ্ট করতে চাই না। হবেও না কখনও। আমাদের এই দীর্ঘ সেপারেশন থেকে আজ অব্দি আমি কিন্তু সকল দায়িত্ব পালন করে গেছি এবং যাবো। আর গতবছর আমাদের অফিশিয়ালী ডিভোর্স হয়।

এস আই টুটুল

আপনি গ্রীন কার্ড পেয়েছেন আমেরিকায়। কিন্তু অনেকেই বলছেন আমেরিকায় আপনার স্থায়ী নিবাস গড়তেই এমন সিদ্ধান্ত।
দেখুন। জীবনের এই পর্যায়ে আল্লাহর রহমতে আমার প্রাপ্তি অনেক। শুকরিয়া। একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছি। ভক্ত শ্রোতারা আমাকে ভালবাসে ভীষণ। তাদের গান শুনিয়ে প্রায় সারা বিশ্বে কনসার্ট করেছি। এখনও পারফর্ম করে যাচ্ছি। ঐসব বৈশ্বিক কোনো মোহ আমাকে জীবনে টানেনি। টানবেও না। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা জানেন আমি কেমন? তাই নিজের জীবনের এখন এমন একটা পর্যায়ে আমি বা সোনিয়া রয়েছি। তাতে একসাথে বৃদ্ধ হবার স্বপ্নেই আমরা ঘর করতে চাই। বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। আর আমার ভক্তদের দোয়া।

বিয়ে কবে হলো? বা সামাজিকভাবে আনুষ্ঠানিকতা কবে করছেন?
গত ৪ জুলাই পারিবারিকভাবে আক্দ অনুষ্ঠিত হয়। তবে খুব আড়ম্বড় করার ইচ্ছে নেই। আমরা দুজন খানিক গুছিয়ে নিউইয়র্ক আর ঢাকার বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটাবো।

শেষ প্রশ্ন। তবে কী এখন মাঝে মাঝে ঢাকায় আসবেন? আপনার ব্যান্ড, এখানকার ক্যারিয়ার প্ল্যান?
না। তা কেন হবে? আমার জীবনের তো কোনো ছন্দপতন হয়নি। তাই সবকিছু সেভাবেই চলবে। গান আমার ব্যান্ড নিয়ে শিগগিরই নতুন ঘোষণা দিবো। তাই সবকিছুই আগের মতোই। আমার এটি ব্যক্তিজীবনের একটি সিদ্ধান্ত মাত্র। ব্যক্তি টুটুলও বদলায়নি। বদলাবেও না কোনোদিন।

ইত্তেফাক/এসজেড