প্রেমিকার অন্তরঙ্গ দৃশ্য মোবাইলে ধারণ, প্রেমিকসহ আটক ৩

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১২:৪০

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রেমিকার (১৮) সঙ্গে অন্তরঙ্গ মূহূর্তের দৃশ্য মোবাইলে ধারণ করে তা ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে সজিব কুমার দাস (১৯) নামে এক প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিম কলেজ ছাত্রীর দুলাভাই বাদী হয়ে মুরাদনগর থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

সোমবার বিকালে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রেমিকসহ তিনজনকে গ্রেফতার করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে মুরাদনগর থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- প্রেমিক সজিব কুমার দাস (১৯) মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বানীজুরি গ্রামের প্রদিপ চন্দ্র দাসের ছেলে, সহযোগী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (১৭), মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইস্রাফিল হোসেন অয়ন (১৫)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নগড়পার গ্রামে ভিকটিম কলেজ ছাত্রীর বাসার পাশে সজিব কুমার দাস ভাড়া বাসায় থাকতো। পাশাপাশি বাসা হওয়ার সুবাদে দুই বছর যাবত প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। গত ২৩ জুন দুপুরে কৌশলে ভিকটিম ওই কলেজছাত্রীকে উপজেলার উত্তর ৩০ গ্রামের হুমায়ন কবিরের বাড়িতে নিয়ে যায় সজিব কুমার দাস। সেখানে সজিব কুমার দাস ওই কলেজছাত্রীকে বাড়ির ছাদে যাওয়ার সিড়িতে নিয়ে সময় অতিবাহিত করে। সেসময় পূর্ব-পরিকল্পনা অনুযায়ী সজিব কুমার দাসের বন্ধু রুহুল আমিন ও ইস্রাফিল হোসেন অয়নসহ অজ্ঞাতরা সে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে টাকা দাবি করে। 

এবিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবেনে জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটককৃত ৩ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের পর সোমবার বিকালে কারাগারে প্রেরন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ইত্তেফাক/মাহি