প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক (অব.) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। সোমবার (১৮ জুলাই) দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ব্যস্ততা এগিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তারা।
এদিন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সেনাবাহিনী সদর দপ্তরে গিয়ে দেখা করেন ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডে । আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জেনারেল মনোজ পাণ্ডে বলেন, ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। সোমবার সেনা সদরের হেলমেট কনফারেন্স রুমে প্রতিনিধি দলের জন্য বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর রণপ্রস্তুতি, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, বিশ্ব শান্তিতে ভূমিকা এবং সামগ্রিক প্রশাসনিক কাঠামো সম্পর্কে জেনে মনোজ পাণ্ডে বর্তমান নেতৃত্ব সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন।
এদিন জেনারেল মনোজ পাণ্ডে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।
বিকালে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাদুঘরটি ঘুরে দেখেন। সন্ধ্যায় আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জেনারেল মনোজ পাণ্ডের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
