১৯ মাস পর কবর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উত্তোলন

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৩:৫০

কটিয়াদীতে আদালতের নির্দেশে প্রায় ১৯ মাস পর ময়নাতদন্তের জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান পমা. আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের লাশ উত্তোলন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বীরনোয়াকান্দি জামে মসজিদসংলগ্ন সামাজিক কবরস্থান থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

এ সময় কিশোরগঞ্জ জেলা সিআইডির উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ কটিয়াদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আব্দুল ওয়াহাব আইন উদ্দিন কটিয়াদী প্রেসক্লাবের সভাপতিও ছিলেন। মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মামলার বাদী নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, আমার চাচা অবিবাহিত ছিলেন। গত ২০২০ সালের ২৫ ডিসেম্বর ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঐ সময় তিনি প্রবাসে ছিলেন। দেশে ফিরে হত্যা মামলা দায়ের করেন। তার অভিযোগ চাচার মৃত্যু স্বাভাবিক নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, আদালতের নির্দেশ পেয়ে মামলার তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম