বেনাপোল চেকপোস্টে যাত্রীদের ঢল

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৪৬

হিমশিম খাচ্ছে দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষ

কাজী শাহজাহান সবুজ, বেনাপোল (যশোর) সংবাদদাতা

ঈদের ছুটি শেষ হলেও ভ্রমণ পিপাসু ভারতগামী পাসপোর্ট যাত্রীদের ঢল নেমেছে বেনাপোল চেকপোস্টে। যাত্রীদের সামাল দিতে হিমসিম খাচ্ছে দু’দেশের চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টম কর্মকর্তারা। যেন ভোগান্তির শেষ নেই এসব যাত্রীদের তবে রোগী ও শিশুদের নিয়ে বিপাকে পড়ছে সঙ্গীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষ হলেও প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছে ৫ থেকে ৬ হাজার পাসপোর্ট যাত্রী। কেউ চিকিত্সা, কেউ বেড়াতে, কেউ বা যাচ্ছে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসব যাত্রীরা ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে ঢুকতেই নোম্যান্স ল্যান্ড এলাকায় ভারতীয় পুলিশের চেকিংয়ে দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে।

লাইনে দাঁড়ানো যাত্রীরা জানান, ভারতে প্রবেশ করতে বিলম্ব হচ্ছে। ৪ থেকে ৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নোম্যান্স ল্যান্ড এলাকায় সকাল ৮টায় লাইনে দাঁড়ালে ভারতে ঢুকতে দুপুর গড়িয়ে যায়। নোম্যান্স ল্যান্ড এলাকায় কোনো যাত্রী ছাউনি না থাকায় রোদ ও গরমে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু, মহিলা ও রোগী যাত্রীরা।

বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার এ আর এম রকিবুল হাসান জানান, ঈদে গত ৩ দিনে ৬ জুন থেকে ৯ জুন দুপুর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ভারতগামী ১৫ হাজার ৯শ ৩১ জন পাসপোর্ট যাত্রী এ ব্যাংক বুথ থেকে ভ্রমণকর সংগ্রহ করেছে, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৮০ লাখ টাকা।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মো. আবুল বাশার মিয়া জানান, ঈদের পরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার যাত্রী ভারতে যাচ্ছে। ভারত থেকে আসছেও প্রায় সমপরিমাণ যাত্রী। ৬ জুন থেকে ৯ জুন দুপুর ৩টা ৫১ মিনিট পর্যন্ত এ পথে ভারত বাংলাদেশ যাতায়াত করেছে ৩২ হাজার ৬শ ৩০ জন পাসপোর্ট যাত্রী। নোম্যান্স ল্যান্ড এলাকায় যাত্রী ছাউনির ব্যবস্থা না থাকায় যাত্রীরা কষ্ট পাচ্ছে।