চুনতি চাম্বি খাল রাবার ড্যাম পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৪৭

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ার চুনতি রাবার ড্যাম পর্যটন কেন্দ্রে এবার ঈদে পর্যটকদের ভিড় বেড়েছে। ঈদের দিন বিকালে থেকে সোমবার পর্যন্ত বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ ও শিশুসহ অসংখ্য পর্যটকের আনাগোনা বেড়েছে। প্রতিদিন বিকালে শত শত পর্যটক এখানকার আকর্ষণীয় স্থানগুলো ঘুরছেন।

দর্শনার্থীরা বলছেন, লেকে বোট দিয়ে পানিযাত্রা খুবই আনন্দদায়ক। দর্শনার্থীরা এটিকে বলছেন, ‘বিউটি অব চাম্বি লেক’। অন্যদিকে চাম্বি লেকের চারপাশ সবুজে ঘেরা। যতদূরে চোখ যায়, শুধু দেখা যায় সবুজ আর সবুজ। দর্শনার্থীদের জন্য রাবার ড্যামের আশেপাশের উঁচু-নিচু পাহাড়, টিলায় ছাতা, বসার বেঞ্চ ও উন্মুক্ত গোলঘর তৈরি করা হয়েছে। ফলে ইতিমধ্যে এটি দর্শনার্থীদের কাছে বেশ সাড়া ফেলেছে। তবে তারা চাম্বি রাবার ড্যাম যাওয়ার রাস্তার বেহাল অবস্থা দেখে মনঃক্ষুণ্ন।

চাম্বি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহাবুবর রহমান চৌধুরী জানান, চাম্বি রাবার ড্যামের কারণে কৃষি, মত্স্য ও পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে। প্রতিদিন রাবার ড্যামে দর্শনার্থীরা আসে। ঈদে দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যায়।