৫ কোটি ১৩ লাখ টাকা বিদ্যুিবল বকেয়া!

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৪৯

ঝিনাইদহের চার পৌরসভা

সংযোগ বিচ্ছিন্নের নোটিশ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় চারটি পৌরসভার কাছে পাঁচ কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা বিদ্যুত্ বিল পাওনা রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. এর। আর বিল পরিশোধ না করলে সংশ্লিষ্ট পৌরসভাগুলোকে সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে ওজোপাডিকো। এতে বন্ধ হয়ে যাবে পানি সরবরাহ ও সড়ক বাতি। ঝিনাইদহের ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর অফিস সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি বিদ্যুত্ বিল বকেয়া রয়েছে কোটচাঁদপুর পৌরসভার কাছে। এ পৌরসভার কাছে পাওনা বিদ্যুত্ বিলের পরিমাণ ২ কোটি ৮ লাখ টাকা। এছাড়াও মহেশপুর পৌরসভার কাছে পাওনা বিদ্যুত্ বিলের পরিমাণ ১ কোটি ৪৫ লাখ ১৪ হাজার টাকা, কালীগঞ্জ পৌরসভার ১ কোটি ৪১ লাখ ২৮ হাজার টাকা ও শৈলকুপা পৌরসভার কাছে বিদ্যুত্ বিল পাওনা আছে ১৯ লাখ ৪১ হাজার টাকা। তবে হরিণাকুন্ডু পৌরসভার কাছে বিদ্যুত্ বিল বকেয়া নেই। ঝিনাইদহ পৌরসভার কাছে সামান্য টাকা বকেয়া আছে।

কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম বলেন, ৩০ বছর ধরে বিল পরিশোধ না করায় বকেয়া পুঞ্জীভূত হয়েছে। তিনি ৭ লাখ টাকা বিল পরিশোধ করেছেন। এমাসে আরো কিছু টাকা পরিশোধ করবেন। তিনি আরো বলেন, পৌরবাসীর কাছে পানির বিল বাবদ ১ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। এছাড়াও হোল্ডিং ট্যাক্স বাকি পড়েছে। পৌরসভার আয়ের প্রধান খাত পানির বিল ও হোল্ডিং ট্যাক্স।

ঝিনাইদহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার বলেন, বকেয়া বিদ্যুত্ বিল আদায়ের নির্দেশ এসেছে ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। ১৫ জুনের মধ্যে যেসব পৌরসভা বিল পরিশোধ না করবে তাদের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ এসেছে। কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ ও শৈলকুপার ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলীরা পৌরসভাগুলোকে বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ দিয়েছেন।