সেই বৃদ্ধাকে বাড়ি নিয়ে গেলেন স্বজনরা

আপডেট : ২০ জুলাই ২০২২, ২২:০৯

বরিশালের গৌরনদীতে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা সেই মাজেদা বেগম মর্জিনাকে (৭০) নিয়ে গেছেন তার পরিবারের সদস্যরা।

ফেসবুকে ছবি দেখে ৬ মাস আগে হারিয়ে যাওয়া মাজেদা বেগমের সন্ধান পান তার স্বজনরা। মাজেদা বেগম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার শাহে আলম ও মেয়ের ঘরের নাতনি নিলুফা বেগম (৩৮) এসে তাকে বাড়িতে নিয়ে যান। স্বজনদের পেয়ে খুশি মাজেদা বেগম।

নিলুফা বেগম জানান, তার নানি বিধবা, নিতান্ত গরিব। মাজেদা বেগম ঢাকায় ভিক্ষা করতেন। তার ছেলে শাহে আলম পেশায় নির্মাণ শ্রমিক। ৬ মাস আগে তিনি (মাজেদা বেগম) হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তবে মাজেদা বেগমকে রাস্তায় ফেলে দেওয়ার কাহিনী সঠিক নয়। 

এদিকে, গত ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাটাজোর এলাকার বাংলা লিংক টাওয়ারের কাছ থেকে ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে (মাজেদা) স্থানীয়রা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন।

ইত্তেফাক/ইউবি