গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পাচারের সময় ৫০ বস্তা সরকারি ভিজিডি ও ভিজিএফের চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত চাল ব্যবসায়ী আজিজুল সিকদারকে আটক করে ।
রবিবার মধ্য রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী বাজারে গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা (এসিল্যান্ড) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুল আলম আদালত পরিচালনা করেন।
গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা (এসিল্যান্ড) মো. মাহাবুবুল আলম জানান, ওই ব্যবসায়ী তার মাঝিগাতী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি ভিজিডি ও ভিজিএফের ৫০ কেজি ওজনের ৫০ বস্তা চাল বস্তা বদল করেন। পরে পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে ওই ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়। এ ঘটনায় চাল ব্যবসায়ী আজিজুল সিকদারকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় চার ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দিলু, শরিফুল ইসলাম খোকন, কাজী জাবির ও আব্দুল হান্নান, চাল ব্যবসায়ী আজিজুল সিকদার ও মন্টু খানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
