দেশে ফিরেছেন তাসকিন-মিরাজ

আপডেট : ২১ জুলাই ২০২২, ০৯:০৯

ওয়েস্ট ইন্ডিজ থেকে গত মঙ্গলবারই বাংলাদেশে ফিরেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিজিও বায়েজিদুল ইসলাম। গতকাল বিকাল ৫টার পর বাংলাদেশ দলের একাংশ ঢাকায় এসে পৌঁছেছে। যার মধ্যে দুজন ক্রিকেটার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন, বাকিরা সাপোর্ট স্টাফ। তাদের সঙ্গে একই ফ্লাইটে ফিরেছেন ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ও টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল।

আজ একই সময়ে দেশে ফিরবেন লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামসহ বাকি ক্রিকেটাররা।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এখন সপরিবারে লন্ডনে আছেন। কয়েক দিন ছুটি কাটিয়ে ফিরবেন তিনি।

অবশ্য দেশে ফিরলেও বিশ্রামের সুযোগ কম ক্রিকেটারদের। মাত্র পাঁচ দিন বিশ্রাম পাবেন সবাই। কারণ আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ে সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশ টি-২০ দল। পরে ৩০ জুলাই জিম্বাবুয়ে যাবেন ওয়ানডে দলের ক্রিকেটাররা।

ইত্তেফাক/এমআর