টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত জমজমাট ৫ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে। সোমবার (১৮ জুলাই) স্ক্যারবরোস্থ লেবোভিক এভিনিউয়ের সিনেপ্লেক্স ওডেনে এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। সপ্তাহব্যাপী এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে টরন্টো শহরের তিনটি স্থানে।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তবলা শিল্পী রাজীব ঢোল বাজিয়ে চলচ্চিত্র পিপাসু অতিথিদের অভ্যর্থনা জানান। বিকেল ৬টায় জাতীয় সঙ্গীতে পরিবেশনের পর বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী সুলতানা হায়দার এবং তার মেয়ে টরন্টোর প্রখ্যাত শিল্পী অরুণা হায়দারের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। সেই সাথে সুকন্যা নৃত্যাঙ্গনের শিশুশিল্পীদের নৃত্যের মধ্য দিয়ে কানাডার বহুজাতিক সৌন্দর্য উপস্থাপন করা হয়। অতঃপর আদিবাসী বাদ্যযন্ত্র ও সঙ্গীত পরিবেশন করেন আদিবাসী শিল্পী কুইঞ্চুয়া এবং সান্টীয়াগো ভেগা।
এক ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী হয়। চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে কানাডার চলচ্চিত্র নির্মাতা জসলিন রোজার্সের ‘দ্য লিভিং রুম’, সাইফুল ওয়াদুদ হেলালের ‘মুনিয়া’স স্টোরি’ এবং সোফি রোমভারির ‘স্টিল প্রসেসিং’, ইউক্রেনের চলচ্চিত্র নির্মাতা ওলেহ ভালিদাজেহর ‘দ্য পাথ’, ইরানের চলচ্চিত্র নির্মাতা সাইয়িদ ভালিজাদেহর ‘সিক্সথ ওয়েভ’, ইতালির চলচ্চিত্র নির্মাতা ‘হোয়াট আ ড্রিম ইট উড বি আ ডিফারেন্ট ওয়ার্ল্ড’, গ্রীসের এলিফথিয়েরিইয়া স্টেফানোউরির ‘মান্টো’, তিউনিসিয়ার রিম নাকহির ‘নুর’ এবং বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’ প্রদর্শিত হয়।
টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক এবং ৫ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এর সমন্বয়ক মনিস রফিক উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কবি আসাদ চৌধুরী, স্ক্যারবরো সাউথওয়েস্টের কাউন্সিলর গ্যারি ক্রাফোর্ড, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল।
ফেস্টিভ্যালের সমন্বয়ক মনিস রফিক ইত্তেফাককে জানান, উৎসবে ৪৯টি দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের মোট ১৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

নায়াগ্রায় শেষ হলো চেরিফল উৎসব