পরিবেশ দূষণ
চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাটে অবস্থিত এশিয়ান পেপার মিলকে পরিবেশ দূষণের দায়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এশিয়ান পেপার মিলকে এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, সরেজমিনে পরিদর্শনকালে মিলটির রাসায়নিক তরল বর্জ্যের আউটলেট এবং ইনলেট উভয় ক্ষেত্রেই ত্রুটি দেখা গেছে। তারা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) বা শোধনাগার অকার্যকর রেখে প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে যে পরিবেশের ক্ষতি করছে তা স্বচক্ষে দেখা গেছে। তারপরও আত্মপক্ষ সমর্থনে তাদেরকে ওইদিন শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে এশিয়ান পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, মিলটির তরল বর্জ্য রাতের অন্ধকারে এবং বৃষ্টির সময় নিকটবর্তী খালে ছেড়ে দিয়ে চট্টগ্রামের হালদা নদীসহ পরিবেশের ব্যাপক ক্ষতি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিলো। ওই অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহে মিল এলাকা পরিদর্শন করা হয়। এতে অভিযোগের সত্যতা মিলেছে।
