চুনারুঘাটে ডাকাতি আহত দুই

আপডেট : ১০ জুন ২০১৯, ২১:৫২

চুনারুঘাট  সংবাদদাতা

চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামে রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় দুইজন আহত হয়েছেন। ডাকাতির শিকার পরিবারের গৃহকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, ১০/১২ জনের ডাকাত দল বাড়ির মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর প্রথমে তাকে ও তার স্ত্রী লুত্ফা বেগমকে রামদা এবং লোহার রড দিয়ে মারপিট করে ও তাদের দুই ছেলেকে রশি দিয়ে বেঁধে মারধর করে। ডাকাত দলের আঘাতে তার বাম হাত কেটে গেছে এবং তার স্ত্রীর বাম হাত ভেঙে যায়। একপর্যায়ে তার স্ত্রী চিত্কার করতে থাকলে তাদের ওপর বন্দুক ধরে নগদ পাঁচ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে সোমবার ভোর সাড়ে চারটার দিকে চুনারুঘাট থানার এসআই হেলালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।