রাষ্ট্রপতি নির্বাচনে আগেই সাংসদদের ভোটের গণনা হয়ে গিয়েছিল। এখন চলছে রাজ্য ধরে গণনা। প্রথম দশটি রাজ্যের গণনার শেষে দ্রৌপদী পেয়েছেন ৮০৯টি ভোট। তার মোট মূল্য ১, ০৫,২৯৯। যশবন্ত পেয়েছেন ৩২৯টি ভোট। তার ভোট মূল্য ৪৪,২৭৬। এই দশ রাজ্যে মোট বৈধ ভোট ছিল ১,১৩৮।
প্রথম আদিবাসী নারী হিসাবে দ্রৌপদী মুর্মুই যে রাইসিনা রোডের রাষ্ট্রপতি ভবনে বসতে চলেছেন, তা নিয়ে খুব একটা সংশয় নেই। কারণ, রাজনৈতিক দলগুলির ঘোষিত সমর্থন অনুযায়ী দ্রৌপদী মুর্মুর ৬২ শতাংশের মতো ভোট পাওয়ার কথা এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার পাওয়ার কথা ২৬ শতাংশের মতো ভোট। যেহেতু কিছু ক্রস ভোটিং হয়েছে, তাতে শতাংশের হিসাবে সামান্য হেরফের হতে পারে, কিন্তু সম্ভাব্য ফলের বদল হবে না।
এদিকে দলের সদরদফতর থেকে রাজপথ পর্যন্ত বিজেপি একটি রোড শোর পরিকল্পনা করেছে। সেখানে দলের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেবেন। প্রতিটি রাজ্যে বিজেপি বিজয়মিছিল বের করবে বলে ঠিক হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সভা করতে চেয়েছিল। কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের ২১ জুলাইয়ের বিশাল কর্মসূচি রয়েছে। তাই আদালত জানিয়ে দেয়, সভা করতে গেলে হাওড়ায় রাত আটটা থেকে দশটার মধ্যে করতে হবে।
সেখানেও মাইক ও মানুষের সংখ্যা বেঁধে দিয়েছিল আদালত। বিজেপি এখন আর সেই সভা করতে চায় না। মুর্মু ওড়িষার রইরংপুরে বড় হয়েছেন। সেখানে ২০ হাজার মিষ্টি তৈরি হচ্ছে। আদিবাসী নাচ ও বিজয়োৎসবও হবে।
