‘বাংলাদেশে ন্যাজারীন মিশনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে’

আপডেট : ২১ জুলাই ২০২২, ১৯:৫৬

মাদক নির্মূল, শিশু  ও নারী নির্যাতন প্রতিরোধ, মানব পাচার বন্ধ, বর্ণ ও জাতিগত বৈষম্য দূরীকরণসহ অপরাধর্মূলক কর্মকাণ্ড নিরসনে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ ন্যাজারীন মিশন’। 

বৃহস্পতিবার (২১ জুলাই) প্রথমবারের মত নিজেদের কার্যক্রম গণমাধ্যমের সামনে তুলে ধরতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এসময় জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘চার্চ অব দ্যা ন্যাজারীন’ বাংলাদেশে  ১৯৯৪ সাল থেকে দেশের ১৮টি জেলায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাজারীন মিশনের বোর্ড চেয়ারম্যান রেভারেন্ড পুরেন রায়। লিখিত বক্তব্য পাঠ করেন রেভারেন্ড আন্দ্রিয়াস হেমব্রম এন্ড্রু। আরও উপস্থিত ছিলেন চার্চ অব দ্যা ন্যাজারীন, বাংলাদেশের ডিস্ট্রিক্ট সুপারিন্টেনডেন্ট রেভারেন্ড অঞ্জন মোশী বোস, রেভারেন্ড দীপঙ্কর রায়, রেভারেন্ড কেরোবিন মার্ডি, রেভারেন্ড লরেন্স সরকার, মিশনের পরিচালক রিস্টভ কস্তা ও প্রকল্প ব্যবস্থাপক মুক্তি বৈদ্য।

পুরেন রায় বলেন, এই সংস্থা ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনমানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। আগামীতে বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলেও জানান তিনি। তিনি জানান, অবহেলিত ও অনগ্রসর সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করা, তাদের সন্তানদের উন্নত শিক্ষায় শিক্ষিত করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে আমরা কাজ করছি। এই সংস্থা ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনমানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সাংবাদিক সম্মেলনে ন্যাজারীন চার্চের বিরুদ্ধে স্থানীয় ভুঁইফোড় অনলাইন সংবাদমাধ্যম অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলে জানান মিশন কর্তৃপক্ষ।

ইত্তেফাক/এমএএম