শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হবে আগামী বছর

আপডেট : ২২ জুলাই ২০২২, ১৯:৪০

পূর্বাচলে ‘দ্য বোট’ খ্যাত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইনের জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের কাজ শেষ ধাপে চলে এসেছে। গত রবিবার (১৭ জুলাই) বোর্ড সভায় দুই অস্ট্রেলিয়ান কোম্পানি প্রেজেন্টেশন দিয়েছে। জানা গেছে, কোম্পানিগুলো হলো কক্স আর্কিটেকচার ও পপুলাস আর্কিটেকচার।

এখন সাত দিনের মধ্যে তাদের আর্থিক প্রস্তাব জমা দেওয়ার কথা। আগামী ২৮ জুলাই এই প্রক্রিয়া শেষ হবে। আর্থিক প্রস্তাব দেখার পর একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে।

তারপর আরও অন্তত ৬ মাস লাগতে পারে স্টেডিয়ামের ড্রয়িং-ডিজাইন চূড়ান্ত করতে। এসব শেষ হওয়ার পরই মূলত স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে। তাই চলতি বছরে স্টেডিয়াম নির্মাণের কাজ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা নেই।

ভারতের মাটিতে ২০২৩ বিশ্বকাপের আগেই শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ করার টার্গেট ছিল বিসিবির। এমনকি বিসিসিআইকে অনুরোধ করে বিশ্বকাপের ১-২টি ম্যাচ এই মাঠে আনার চিন্তাও ছিল। করোনার ধাক্কায় যেটি পিছিয়ে গেছে। তাই বিশ্বকাপকেন্দ্রিক চিন্তা-ভাবনার চাপ আর থাকছে না। শেখ হাসিনা স্টেডিয়ামের আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল বলেছেন, ‘প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি) তৈরি করা হয়েছে, তারা পরের ধাপে ফিনান্সিয়াল অফার (আর্থিক প্রস্তাব) খুলে এবং পূর্ণ মূল্যায়নটা যখন দেবে তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। আর্থিক প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুলাই। তারপর তারা রিপোর্ট দেবে বোর্ডকে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের একটা ধাপই বাকি। এই প্রক্রিয়াটা ২৮ জুলাই শেষ হবে। তারপরই পরবর্তী কর্মপন্থা ঠিক হবে।’

স্টেডিয়াম নির্মাণের কাজ চলতি বছরে অন্তত শুরু হচ্ছে না। ধাপে ধাপে কাজ সম্পন্ন করছে বিসিবি। প্রধান নির্বাহী বলেছেন, ‘আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি আমরা আন্তর্জাতিক পরামর্শকের বিষয়টা চূড়ান্ত করে ফেলতে পারি, তাহলে আগামী ছয় মাসের মধ্যে টার্গেট আছে পূর্ণাঙ্গ ড্রয়িং-ডিজাইনটা আমরা নিশ্চিত করে ফেলব। তারপরই বোঝা যাবে এটাকে বাস্তবায়ন করতে, শেষ করতে কত সময় লাগবে।’

ইত্তেফাক/টিএ