বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের পক্ষ থেকে শিক্ষাকে জাতীয়করণের দাবি করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মো. মঞ্জুরুল ইসলাম সোমবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এ দাবি জানান। এর আগে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম ও মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে শিক্ষক সমিতি এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এ সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবুল হোসেন, হান্নান সরদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বিষয়ক সভা
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা পলাশবাড়ীতে সোমবার উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান প্রমুখ। সভায় বাল্যবিবাহ বন্ধ, মাদক ও যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বই পাঠ প্রতিযোগিতা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রন্থাগারে বই পড়ি-আলোকিত মানুষ গড়ি প্রতিপাদ্য বিষয়ে বই পাঠ প্রতিযোগিতা সোমবার কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, অধ্যাপক বজলুল করিম, অধ্যাপক মো. আবদুল হালিম প্রমুখ। সভা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
দিনাজপুর জিলা স্কুল ৬৮ ব্যাচের ছাত্রদের ঈদ পুনর্মিলনী
দিনাজপুর অফিস দিনাজপুর জিলা স্কুলের ১৯৬৮ সালের এসএসসি ব্যাচের ছাত্ররা সমাজের অসহায় মানুষকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সোমবার সকালে প্রতি বছরের মতো এবারো ঈদ পুনর্মিলনীতে অতীত স্মৃতিচারণ করেন, সেইসঙ্গে দুইজন দরিদ্র নারীকে দুইটি সেলাই মেশিন এবং পাঁচজন হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলা উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান প্রমুখ।
কৃষি শুমারি সফল করতে অবহিতকরণ সভা
নাটোর প্রতিনিধি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান কৃষি শুমারি সফল করতে নাটোরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। রবিবার থেকে শুরু হওয়া কৃষি শুমারি আগামী ২০ জুন পর্যন্ত চলবে।
বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার
শরীয়তপুর প্রতিনিধি বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। সোমাবার স্থানীয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বেদে, দলিত সম্প্রদায় ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এনডিসি মামুনুর রশিদ।
মাদক ইভটিজিং-বিরোধী মতবিনিময়
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী মতবিনিমিয় সভা সোমবার উপজেলার চৌকুড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আবদুল মালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, চৌকুড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী ছায়েদুল হক প্রমুখ।
মেলান্দহে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে কৃষক মুসলিমউদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত কৃষক উপজেলার টনকি গ্রামের সাবের আলীর ছেলে। অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, রবিবার সন্ধ্যার পর কৃষকের নিজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হলেও মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে মুসলিমউদ্দিন আত্মহত্যা করতে পারেন।
