ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন গৃহবধূ  

আপডেট : ২২ জুলাই ২০২২, ২২:১৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিজা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ওপর দিয়ে ট্রেন গেলেও বেঁচে গেছেন তিনি। শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় আখাউড়ার বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  লিজা আক্তার আখাউড়া উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের লিটন ভূঁইয়ার মেয়ে ও একই এলাকার জুনাইদ গাজীর স্ত্রী। সামান্য ব্যথা পেয়ে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। ঘটনার সময় তার স্বামী ও আরেক স্বজন সঙ্গে ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার গাজীর বাজার এলাকার আমজাদ ভূঁইয়া জানান, সন্ধ্যায় দুই তরুণী ও এক যুবক তিতাস ব্রিজের ওপরে উঠে ছবি তুলছিলেন। এ সময় নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তারা ব্রিজ থেকে নিরাপদে সরে যান। এর মধ্যে লিজা আক্তার হোঁচট খেয়ে রেললাইনের মাঝে পড়ে যান। তখন তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়।

আমজাদ ভূঁইয়া আরও বলেন, ‘আমি মূলত ট্রেনের ভিডিও করছিলাম। ট্রেনের ভিডিও ধারণ করতে গিয়ে ওই মেয়েটির ট্রেনের নিচে পড়ে যাওয়ার ভিডিও ধারণ করা হয়ে যায়। ট্রেনটি চলে যাওয়ার পর তরুণীর মাথায় পানি ঢেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাসপাতাল থেকে তড়িঘড়ি বাসায় চলে যাওয়ায় লিজার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইকরাম জানান, ওই গৃহবধূর শরীরে ব্যথা আছে। তবে আঘাতের কেন চিহ্ন নেই। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেছেন।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এ ধরণের ভিডিওর কথা শুনেছি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/ইউবি