জীবনে সফল হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০০:২৩

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শিক্ষার জন্য ছাত্রজীবন হচ্ছে অন্যতম। জীবনে সফল হতে হলে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিজেকে যোগ্য করে তুলতে হবে। সততা আদর্শের মধ্যে নিজেকে ধারণ করতে হবে। টাকা রোজগারের সময় জীবনে অনেক আসবে। কিন্তু এ ছাত্র জীবন আর ফিরে পাওয়া যাবে না। আমিও তোমাদের মত ছাত্রলীগ করেছি। রাজনৈতিক জীবনে আমাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। লাকসামে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে আমাকে রাজনীতি করতে হয়েছে। তবুও জীবনে সফল হয়েছি, কোন ষড়যন্ত্র আমাকে দাবিয়ে রাখতে পারেনি। 

২২ জুলাই শুক্রবার বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জে পোমগাঁওস্থ নিজ বাড়িতে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন শত বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০৪০ সালে উন্নত বাংলাদেশের পরিকল্পনা করেছেন। সফলতার পথে হাঁটা বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। দারিদ্রতা কমেছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এর সবই হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। দোয়া করি
বাংলাদেশের উন্নয়নের জন্য আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখুক। 

তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রকৃত ছাত্ররা ছাত্র রাজনীতি করবে, কোন অন্যায় কে প্রশ্রয় দেয়া যাবে না। কোন অপরাধের সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা থাকবে না। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে। সততা ও আদর্শ কে বুকে ধারণ করে তিনি ছাত্রলীগকে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি। বক্তৃতার এক পর্যায়ে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে 'আই লাভ ইউ ছাত্রলীগ' উচ্চারন করলে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত নেতা কর্মীরা। এ সময় তারা মন্ত্রীকে হাত নেড়ে অভিবাদন জানান। 

এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার, জনস্বাস্থ্য কুমিল্লার নির্বাহী প্রকৌশলী নাসির উল্ল্যা, এস পি (লাকসাম সার্কেল) মুহিতুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, লাকসাম থানা অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সফিউল আলম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।

ইত্তেফাক/এএইচপি