খুলনায় অধ্যক্ষকে মারধর করা ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৩:৪০

খুলনার কয়রা উপজেলার উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমানকে মারধর করার মামলায় আদালত কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে।

শুক্রবার সকালে কয়রা থানা পুলিশ তাকে পাইকগাছা উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালত শুনানি শেষে তার জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ মামলায় চেয়ারম্যান বাহারুল ইসলামের সহযোগী বাবু ও নিয়াজকে আদালত জামিন দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে কয়রা উপজেলার উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমানকে মারধরের অভিযোগে তার স্ত্রী সাদিয়া সুলতানা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে কয়রা থানায় মামলা করেন। ঐদিন মধ্যরাতে র‍্যাব-৬-এর একটি দল অভিযান চালিয়ে বাড়ি থেকে বাহারুল ইসলামকে গ্রেফতার করে।

কয়রা থানার ওসি এ ডি এম দোহা জানান, ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামকে গ্রেফতার করার পর র‍্যাব সদস্যরা শুক্রবার সকাল ১০টার দিকে তাকে কয়রা থানায় হস্তান্তর করে। পরে তাকে পাইকগাছা উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

মারধরের শিকার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান জানান, মাদ্রাসার সভাপতি হতে না পেরে তার জের ধরে গত ১৮ জুলাই চেয়ারম্যান বাহারুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েক জন এসে তাকে মারধর করে। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইত্তেফাক/এএইচপি