রণবীর সিং নগ্ন ফটোশুট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৮:৩৪

বিচিত্র ধরণের পোশাক ও চরিত্রে পর্দায় এর আগে পাওয়া গেছে বলিউড অভিনেতা রণবীর সিংকে। এ নিয়ে বহুবার আলোচনায় আসেন তিনি। তবে এবার নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হলেন এই অভিনেতা। আর তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি রণবীর সিং ‘পেপার ম্যাগাজিন’-এর জন্য ফটোশুটে অংশ নিয়ে ছিলেন। সেখানে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে। যদিও এ নিয়ে অভিনেতার কোনো সংকোচ নেই। তার ভাষ্য, শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রণবীরের ওই নগ্ন ফটোশুটের ছবি শেয়ার করে অভিনেত্রী মিমি চক্রবর্তী লিখেছেন, ‘সবাই এই ছবির তলায় আগুন লিখতে ব্যস্ত। মনে প্রশ্ন জাগছে, যদি এখানে একজন নারী থাকত, তাহলে কি পরিস্থিতি আলাদা হত? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলতেন? আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি, কিন্তু সেটা করি কি?’

শ্রীলেখা মিত্র বলেছেন, ‘হলিউডের টাইটানিক সিনেমায় কেট উইন্সলেটের যৌন মিলনের দৃশ্য স্বতঃস্ফূর্ত, ঝকঝকে। তা দেখতে এতটুকু খারাপ লাগে না। কিন্তু এমন দৃশ্যায়ন টলিউডে করতে গেলে দেখা যাবে তা কুৎসিত লাগছে।’

এই অভিনেত্রীর মতে, বাঙালি নারীর যে শারীরিক গঠন, সৌন্দর্য, তার সঙ্গে নগ্নতা বিষয়টা খাপ খায় না। তাই এ দেশের কোনও ফোটোগ্রাফার তাকে নগ্ন ছবি তোলার প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেবেন তিনি। তবে বিদেশি কেউ এমন প্রস্তাব দিলে রাজি হবেন তিনি। ‘ছবিটা কে কীভাবে তুলছে তার ওপর অনেক কিছু নির্ভর করে।’

সৌদামিনি শম্পা নামের একজন লিখেছেন, রণবীর সিং এর ন্যুড নিয়ে বড় মাতামাতি।লোকে যেন পাগল হয়ে গিয়েছে, খারাপ, বিশ্রী,অসভ্য, নোংরা এসব বলে।সত্যি বলবো? আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। আমরা শরীরে না গিয়ে ওনার দেহ সৌষ্ঠব দেখি,তবে কিন্তু তা সৌন্দর্য এবং প্রশংসনীয়। এমনকি একজন নারীও উন্মুক্ত থাকলে তা প্রশংসনীয়। আসলে আমরা সৌন্দর্যে না গিয়ে শরীরেই আটকে থেকেছি। এটা কি রণবীর সিং এর দোষ না আমাদের দেখার চোখের, বিচার করার মনের। আমরা কেন সৌন্দর্য দেখতে পাই না, শুধু মাংস দেখি? উন্মুক্ত নারীশরীর দেখে শিল্পী ছবি আঁকেন, ভাস্কর্য গড়েন আর কারো সামান্য ব্রায়ের স্ট্র্যাপ দেখলে মনে হয় মেয়েটি ধর্ষিতা হবার যোগ্য কারণ সে ঠিকঠাক পোশাক পরেনি! দোষ কার আপনার দৃষ্টিভঙ্গির না পোশাকের??
‘নজরিয়া বদলো, নজারে বদল যায়েঙ্গে।’

ইত্তেফাক/বিএএফ