শস্য চুক্তির কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনের বন্দরনগরীতে বিস্ফোরণ

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬:১৮

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠলো ইউক্রেনের বন্দরনগরী ওদেশা। বিশ্ব খাদ্য সংকট মোকাবিলায় এবং কৃষ্ণ সাগরে রপ্তানির জন্যে আটকে থাকা ইউক্রেনের শস্য ছাড়ে মস্কো ও কিয়েভের মধ্যকার চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পরেই এই ঘটনা ঘটলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় সকালে একাধিক বিস্ফোরণ হয় ওদেশায়। তবে কীভাবে এই ঘটনা ঘটলো তা এখনো নিশ্চিত জানা জায়নি। শুক্রবার হওয়া চুক্তি অনুযায়ী ইউক্রেনের বন্দরনগরীগুলোতে আক্রমণ না করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। 

টেলিগামে এক পোস্টে ওদেশার স্থানীয় এমপি অলেক্সি হোনচারেনকো বলেন, অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার পর বন্দরে আগুন লেগেছে। 

তিনি আরও বলেন, ইউক্রেনের বিমান বাহিনী একাধিক ক্ষেপনাস্ত্র ধ্বংস করেছে। কৃষ্ণসাগরে এই মুহুর্তে আমাদের বিমান প্রয়োজন। যাতে করে সেখানে উপস্থিত রুশ জাহাজগুল ডুবিয়ে দেওয়া যায়। এতে আমাদের শস্য রপ্তানি নিরাপদ হবে। 

এদিকে, বিশ্ব খাদ্য সংকট মোকাবেলায় এবং কৃষ্ণ সাগরে রপ্তানির জন্যে আটকে থাকা ইউক্রেনের শস্য ছাড়ে মস্কো ও কিয়েভের মধ্যকার যুগান্তকারী চুক্তির নিশ্চয়তার দায়িত্ব জাতিসংঘের বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

তিনি বলেন, ইউক্রেনীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে নস্যাৎ করতে রাশিয়া উস্কানি দিতে পারে। কিন্তু আমরা জাতিসংঘকে বিশ্বাস করি। তাই এই চুক্তির নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব জাতিসংঘের।

কৃষ্ণ সাগরে আটকে থাকা শস্য রপ্তানীর লক্ষ্যে শুক্রবার ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেন এক যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করে। এতে সহ জামিনদার তুরস্ক ও জাতিসংঘ।

ইত্তেফাক/টিআর