২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেটে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এখনো পর্যন্ত সেই রেকর্ডে আঁচ লাগাতে পারেনি কেউ। তবে টেস্ট তো দূরের কথা, প্রথম শ্রেণির ক্রিকেটে লারার পর ৪০০ রানের ক্লাবে নতুন ব্যাটসম্যান পেতে অপেক্ষা করা লাগল ১৮ বছর পর।
গতকাল ইংল্যান্ডের প্রথম শ্রেণির ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লামারগনের হয়ে ৪১০ রানের অপরাজিত ইনিংস খেলে সেই খরা কাটান স্যাম নর্থইস্ট। ৬০৩ মিনিট ব্যাটিং করে ৪৫০ বলে ৪৫ চার ও তিনটি ছয় মারেন তিনি। এর মধ্যে পরপর দুটি ছয় মেরে অতিক্রম করেন ৪০০ রানের মাইলফলক। প্রথম শ্রেণির ইতিহাসে নবম ও তৃতীয় ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ৪০০ রানের ক্লাবে ঢুকলেন ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
লেস্টারশায়ারের করা ৫৮৪ রানের জবাবে ৭৯৫ রানে থামে গ্লামারগন। ষষ্ঠ উইকেটে ক্রিস কুকের সঙ্গে মিলে ৪৬১ রানের জুটি গড়েন স্যাম। যা কাউন্টিতে সর্বোচ্চ ও প্রথম শ্রেণিতে দ্বিতীয় সর্বোচ্চ। ম্যাচের চতুর্থ দিন লাঞ্চের পর গ্লামারগন ইনিংস ঘোষণা করলে বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগ হয়নি স্যামের। তাতে ২৮ বছর আগে গড়া লারার বিশ্বরেকর্ডটা অক্ষতই থাকল। ১৯৯৪ সালে কাউন্টিতেই ডারহামের বিপক্ষে এজবাস্টনের হয়ে ৫০১* রানের অতিমানবীয় ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান।
রান ব্যাটসম্যান
৫০১* ব্রায়ান লারা
৪৯৯ হানিফ মোহাম্মদ
৪৫২* ডন ব্র্যাডম্যান
৪৪৩* ভুয়াসাহেব নিম্বালকার
৪৩৭ উইল পোন্সফোর্ড
৪২৯ উইল পোন্সফোর্ড
৪২৮ আফতাব বালুচ
৪২৪ আর্চি ম্যাকলারেন
৪১০* স্যাম নর্থইস্ট
৪০৫* গ্রায়েম হিক
৪০০* ব্রায়ান লারা
