ইউক্রেনের ডনবাসে দুই মার্কিন নাগরিক নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১১:০২

পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে সম্প্রতি দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, কীভাবে ওই দুই নাগরিকের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

তিনি বলেছেন, মার্কিন প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে, দূতাবাস থেকে যত রকমের সহায়তা করা সম্ভব তা করা হচ্ছে।

তিনি আরও বলেছেন, এই মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নেই।

প্রায় পাঁচ মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যদিও রাশিয়া এ যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়েছে। অপরদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া বিনা প্ররোচনায় ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে।

কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বেশ কিছু মার্কিন নাগরিক ইউক্রেনের বাহিনীকে সহায়তা করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে গিয়ে গত মে মাসে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

সম্প্রতি ডনবাসে নিহত দুই মার্কিন নাগরিকও স্বেচ্ছায় যুদ্ধ করতে ইউক্রেনে গিয়েছিলেন কি না, সে ব্যাপারে কিছু জানায়নি মার্কিন প্রশাসন। নিহতের বিস্তারিত পরিচয়ও জানায়নি।

ইত্তেফাক/টিআর