সাইবার অপরাধ রোধের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:১৯

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে আইনমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়নি। এটি কেবল সাইবার অপরাধ রোধের জন্য করা হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোরকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সোমবার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড প্রসঙ্গে আইনমন্ত্রী বিশেষ প্রতিনিধিকে বলেন, আইনের শাসনের কারণে এবং বিচারিক ও উচ্চ আদালত কর্তৃক সাজা দেওয়ার কারণেই উনি কারাগারে আছেন। এখানে সরকারের কিছু করার নেই। এতিমের টাকা চুরির অভিযোগে এবং আদালতের কাছে দোষী সাব্যস্ত হওয়ার কারণেই খালেদা জিয়া কারাগারে আছেন। সেখানে তাঁকে ছাড়ার বা না ছাড়ার ব্যাপারে সরকারের কোনো ভূমিকা নেই।

ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধি ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার বিষয়ে জানতে চান। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলেই মামলাটি গুরুত্বসহকারে দেখছেন। এছাড়া এ মামলা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত বিচার শেষ করার সরকারের ইচ্ছার কথাও তাঁকে জানানো হয়। বৈঠকে বেপজা আইন, শিশু অধিকার আইন, রোহিঙ্গা ইস্যু ও বিচার বহির্ভূত হত্যা নিয়েও আলোচনা হয় বলে জানান আইনমন্ত্রী।