হাওর থেকে পাইপ দিয়ে পানি উঠে যাচ্ছে আকাশে-এমন একটি দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দৃশ্যটি দেশের বৃহৎ হাওর হাকালুকির। ভিডিওটি শেয়ার দিয়ে অনেকেই ঘটনাটি ‘অলৌকিক’ বলছেন। তবে আবহাওয়া অফিস বলছে টর্নেডোর কারণে এমনটি ঘটেছে।
শনিবার (২৩ জুলাই) বিকেলে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা থেকে স্থানীয়রা এ টর্নেডো দেখতে পায়। এ দৃশ্যে হাওরপাড়ে বিস্ময় দেখা দেয়।
৫০ বছরের মধ্যে হাওরে এমন দৃশ্যের দেখা মেলেনি বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তবে এটির দ্বারা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জুড়ী উপজেলার বাসিন্দা কুতুব উদ্দিন জসিম জানান, এমন দৃশ্য বেশ কয়েক বছর আগে হাকালুকিতে দেখা গিয়েছিল বলে শুনেছি। এরপর এমন ঘটনা আজই শুনলাম। ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। বিকেলে ঘণ্টাখানেক থেকে অন্ধকারে বিলীন হয়ে যায় এটি।
এ বিষয়ে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জাপানের কাইটো বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের প্রফেসর ড. শি থাইচি হায়াসিসের বরাত দিয়ে বলেন, ‘এটি এক ধরনের টর্নেডো। মূলত টর্নেডোর কারণে এ রকম হয়ে থাকে। তবে এ ধরনের ঘটনা সাধারণত কমই দেখা যায়।’
