বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। রবিবার (২৪ জুলাই) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের কর্মকর্তাগণ সভায় যুক্ত ছিলেন।
আইজিপি বলেন, ‘পুলিশের সকল ইউনিটে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার নিশ্চিত করতে হবে। পুলিশের ব্যারাকে ফ্যান এবং লাইটের ব্যবহার কমাতে হবে।’
তিনি বলেন, ‘এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির ওপরে রাখতে হবে। পুলিশের বিভিন্ন স্থাপনায়, বারান্দায়, করিডোরে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে হবে।’ অফিস কক্ষে ব্যবহৃত বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন আইজিপি।
আইজিপি দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ প্রদান করেন। তিনি সোলার প্যানেলের মাধ্যমে গ্রিন ও ক্লিন এনার্জি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এছাড়া, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের সকল পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং জলাশয়ে মৎস্য চাষের নির্দেশনাও প্রদান করেন আইজিপি। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিরা এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
