‘টিমম্যান’ সোহানের চাওয়া ভয়ডরহীন ক্রিকেট

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০০:৫০

সিনিয়রদের ছায়ামুক্ত দলটার নেতৃত্বে নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফর থেকে টি-২০ তে নতুন দিনের সূচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। শনিবার চট্টগ্রামে বাণিজ্যিক এক অনুষ্ঠানে সাকিব আল হাসানও সোহানকে ‘যোগ্য’ অধিনায়ক হিসেবেই উল্লেখ করেছেন। গতকাল অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে পাঁচ সিনিয়র ক্রিকেটারকে যথাযোগ্য সম্মান জানিয়েছেন সোহান।

মাশরাফি-মাহমুদউল্লাহদের স্মরণ করে দেশের অষ্টম টি-২০ অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে আমাদের সিনিয়র যারা আছেন তাদের যে অবদান তাদের কথা একটা দুইটা কথায় শেষ করতে পারব না।’

জিম্বাবুয়ে সফরের প্রাক্কালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বলে কথা, নির্ধারিত সময়ে ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সাংবাদিকরা। যদিও গতকাল ঘণ্টা খানেক বিলম্ব হয়েছে সংবাদ সম্মেলন শুরু হতে।

প্রায় মিনিট বিশেকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন সোহান। ২৮ বছর বয়সি এই ক্রিকেটারের সকল কথা উপজীব্য হলো, দলটাই তার ধ্যান-জ্ঞানের মূলে। নিজের টিমম্যান পরিচয়টাই তুলে ধরেছেন তিনি। সতীর্থদের কাছে চেয়েছেন ভয়ডরহীন ক্রিকেট। যেন টি-২০ তে নতুনত্ব আনা যায়।

খুদে ফরম্যাটে ১২৮ ম্যাচে বাংলাদেশের ৪৪ জয়। তামিম ইকবাল ছাড়া মাশরাফি, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহরা এই ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন দলকে। খুব বলার মতো কিছুই হয়নি। তাই ফরম্যাটে উন্নতি করা সহজ কর্ম নয়। জিম্বাবুয়ে সফরে মাত্র তিন ম্যাচের জন্য দায়িত্ব পাওয়া সোহানের এতবড় কিছু ভাবাও কঠিন চ্যালেঞ্জ বটে।

গর্ব থাকলেও নেতৃত্বের রোমাঞ্চ নেই সোহানের কণ্ঠে। গতকাল তিনি বলেছেন, ‘অবশ্যই গর্বের ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি। খুব বেশি এক্সাইটমেন্ট দেখানোর সুযোগ নেই। আমার কাছে মনে হয়, দল হিসেবে এবং নিজেদের সেরা দেওয়াটাই মূল লক্ষ্য।’

তার নেতৃত্বেই ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০ তে শেখ জামাল ধানমন্ডি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্বে দলের চাহিদাকেই প্রাধান্য দেবেন সোহান।

গতকাল বলেছেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে যখনই অধিনায়কত্ব করেছি, আমার সব সময় চাওয়া থাকে আমরা যেন দল হিসেবে খেলতে পারি। অবশ্যই লক্ষ্য থাকবে জিম্বাবুয়েতে যেন টিম হিসেবে খেলতে পারি। মূল যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ দলের পরিবেশ। সবাই তো প্রতিদিন পারফর্ম করবে না। আমরা যারা টিম মেম্বার থাকব ১৪-১৫ জন তারা যেন একজনের সাফল্য আরেকজন ইনজয় করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

নিজের অধিনায়কত্বের ছাপ রাখা এবং টি-২০ ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্সে নতুনত্ব আনতে ভয়ডরহীন ক্রিকেটকে অবলম্বন মনে করেন সোহান। ৩৩ টি-২০ খেলা এই ক্রিকেটার বলেন, ‘ভয়ডরহীন ক্রিকেট খেলাটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই চেষ্টা করব এটা যেন করতে পারি। আগে থেকে ফল নিয়ে চিন্তা করলে প্রক্রিয়া ঠিক থাকে না। এজন্য প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ ফল নিয়ে চিন্তা করছি না। নির্ভীক থাকলে ইতিবাচক জিনিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’

ইত্তেফাক/ইআ