সাইকেলে খুলনা থেকে ভারত যাত্রা করলেন দুই তরুণ

আপডেট : ১০ জুন ২০১৯, ২২:২১

 ‘সাইকেল চালান, শব্দ ও পরিবেশ দূষণ কমান, গাছ লাগান, মাদককে না বলুন’ এ স্লোগান নিয়ে খুলনা থেকে ভারতের উদ্দেশে সাইকেলে প্রচারণা অভিযান শুরু করেছেন বাংলাদেশের দুই যুবক শেখ শরিফুল ইসলাম হিরণ ও গাজী বাহারুল ইসলাম। গতকাল সোমবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তারা। গন্তব্য ভারতের কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।

হিরণ ও বাহারুল গতকাল সোমবার যশোর এপেক্স ক্লাবে রাত যাপন করেন। আজ মঙ্গলবার তারা যশোর থেকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন। এর আগে ২০১৪ সালে শেখ শরিফুল ইসলাম হিরণ ও গাজী বাহারুল ইসলাম ‘ঠোঁট কাটা তালু কাটা’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করেন। বিষয়টি সে সময় সারাদেশে সাড়া জাগিয়েছিল। এছাড়া, ২০১৮ সালে এপেক্স বাংলাদেশের হয়ে খুলনার খানজাহান আলী (র) সেতু থেকে ভারতের হাওড়া ব্রিজ পর্যন্ত সাইকেল চালিয়ে প্রচারণা করেন তারা।

সাইক্লিস্ট শেখ শরিফুল ইসলাম হিরণ ও গাজী বাহারুল ইসলাম বলেন, ‘আমরা শুধু ভ্রমণ পিয়াসী নই। বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিই আমাদের লক্ষ্য। নিয়মিত সাইকেল চালালে শরীর সচল থাকে, অনেকাংশে রোগমুক্ত থাকা যায়, দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ভার কমানো যায়, সর্বোপরি পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই। সাইকেল চালালে মাদক থেকে দূরে থাকা যায়।